বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনা: খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ফজরের নামাজের সময় দৌলতপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদের ভেতর ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা আলম মন্ডল (৫৫। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন,”টনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত মুসল্লিদের ওপর এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমটিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন