চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক বস্তা গুলি উদ্ধার করেছে পুলিশ। ছোট বড় মিলিয়ে আনুমানিক দেড় হাজার বুলেট রয়েছে বস্তাটিতে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বায়েজিদের বিএসআরএম এলাকার ৫ নম্বর গলির বাংলাবাজারে ড্রেন থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, বিকেলে ওই এলাকার নালা পরিষ্কারের কাজ করছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। কাজ করার একপর্যায়ে নালায় একটি পলিথিনের বস্তা দেখতে পান তাঁরা। বস্তা খুলে ভেতরে প্রচুর পরিমাণ গুলি দেখতে পান।

পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো তাজা নয়। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া গুলিগুলো তাজা বা ব্যবহারযোগ্য মনে হচ্ছে না। কারণ একটি গুলির সাধারণত দুটি অংশ থাকে—একটি কার্তুজের খোসা (কেসিং) এবং অন্যটি বুলেট বা প্রজেক্টাইল। উদ্ধার হওয়া বস্তায় এই দুই অংশের মধ্যে একটি অংশ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো কোথা থেকে এসেছে, কেন ড্রেনে ফেলে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি।
চৌধুরী রেদোয়ান/এএস



