চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে দুইজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটকৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্তে দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জীবননগর থানা ওসি সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।
জানতে চাইলে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি এখন পর্যন্ত অবগত নয়। তিনি খোঁজ নিচ্ছেন। বিস্তারিত পরে জানানো হবে।
ওএনবি



