ঢাকা : ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর বাজেট-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

একই সঙ্গে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃহস্পতিবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।
অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে আরও উৎপাদনমুখী, কর্মসংস্থান ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ধারায় এগিয়ে নিতে সরকার বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে।
তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন, যেখানে উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক অগ্রগতির সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাবে।
বাজেট সংসদ অধিবেশনে পেশ করার আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব অনুমোদন দেয় বিশেষ মন্ত্রিসভা।
জেপি/এনডি/এএস



