কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন এক যুবদল নেতা।
সোমবার কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এ আবেদন করেন। ঘুষ প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য আমির হামজাকে পাঠানো আইনি নোটিশের জবাব না পাওয়ায় এ পদক্ষেপ নেন তিনি।
এ বিষয়ে হৃদয় হাসান বলেন, এর আগে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে ঘুষ প্রস্তাবকারীর পরিচয় অথবা আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছিল। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অথচ আমির হামজা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এ কারণেই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং প্রয়োজনীয় তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ কামনা করে আবেদন হয়েছে।
যুবদল নেতা হৃদয় হাসানের আইনজীবী এ্যাড. আব্দুল মজিদ জানান, চলতি বছরের গত ১ এপ্রিল সংসদ সদস্য আমির হামজাকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
দুদকে দেওয়া যুবদল নেতা হৃদয় হাসানের আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় অনুষ্ঠিত একটি ইফতার মাহফিলে আমির হামজা বলেন, মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাঁকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযোগে আরও বলা হয়, এমন গুরুতর দুর্নীতির অভিযোগের পরও কারা ওই ঘুষের প্রস্তাব দিয়েছিল, তাদের পরিচয় বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
অভিযোগকারী দাবি করেন, তিনি গত ১ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু এরপরও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় দুদকের কাছে তিনি আমির হামজার বক্তব্যের সত্যতা যাচাই এবং অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনার দাবি জানিয়েছি।
ইয়াসির আরাফাত/এনডি/এএস



