ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে প্রায় চার মাস ধরে পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’অবশেষে হরমুজ প্রণালি পার হয়েছে।
সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে। বর্তমানে জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বাংলার জয়যাত্রা।
বিএসসি’র তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েলবোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

কিন্তু ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ইরানি কর্তৃপক্ষ।
তবে কয়েক দফা ওই অঞ্চল ছাড়ার চেষ্টা করে বাংলার জয়যাত্রা। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিবারই সেই প্রচেষ্টা পিছিয়ে যায়।
সবশেষ গত ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশে রওনা হলেও ১০ এপ্রিল হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। নিরুপায় হয়ে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।
সবশেষ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমঝোতা চুক্তি হওয়ার পর বাংলাদেশ সরকারের দীর্ঘ ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টায় জাহাজটি সোমবার রাতে হরমুজ পাড়ি দিলো।
বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।
পিএস/এনডি/এএস



