বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী

ঢাকা: মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তান জন্মের পরও জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে।

এমনকি ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী। তবে এবার বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন বুবলী।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন।

‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে।

অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, আপাতত সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাতার পরিকল্পনা কিছুটা ভিন্ন। তার ভাষ্য, সিনেমাটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের বিরতি শেষে ‘ঢাকাইয়া দেবদাস’র মাধ্যমে আবারও বড় পর্দায় নিয়মিত কাজ শুরু করবেন শবনম বুবলী।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন