ঢাকা: যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাওয়া গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা।
লস অ্যাঞ্জেলসে সোমবার (২৯ জুন) নির্ধারিত সময়ের খেলায় দুদলই দারুণ লড়াই করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিল দুই দল।
তৃতীয় মিনিটে দক্ষিণ আফ্রিকার ওসউইন অ্যাপোলিস সুযোগ পেলেও প্রথম স্পর্শের ভুলে আক্রমণ নষ্ট হয়ে যায়। প্রথমার্ধের শেষদিকে চাপ আরও বাড়ায় কানাডা। তবে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে কানাডা। ৬৪তম মিনিটে ও ৭৬তম মিনিটে দারুন সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচে খুব কমই কানাডার রক্ষণে চাপ সৃষ্টি করতে পেরেছে।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে নির্ধারক মুহূর্ত। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে বল পেয়ে এক টাচ নিয়েই দুর্দান্ত শটে গোল করেন কানাডার অধিনায়ক স্তেফেন ইউস্তাকিও।
গোল হজমের পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু কানাডার রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করে কানাডা।
১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপ খেলা দলটি প্রথমবারের মতো জায়গা করে নেয় রাউন্ড অব-১৬তে। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন কাডানার ফুটবলার ও সমর্থকরা।
জেএন



