নোয়াখালী: নোয়াখালীতে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এজেড/এনডি/এএস



