পাবনা: পাবনার আতাইকুলায় অ্যাম্বুলেন্সে করে নাতির মরদেহ নিয়ে ফেরার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুানির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে আতাইকুলা এলাকার সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়ার গোলাববাগ এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (২৮)। আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৬টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা শিশু কেয়ার নানি বুলু খাতুন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে ও বাসে থাকা আরও কয়েকজন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ওএনবি/ওয়াইএ/এএস



