ঢাকা: চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সারাজীবন তোএকজন ব্যক্তির অযোগ্যতা থাকবে না। তবে তিনি যদি পুনর্নির্বাচনে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না।

ওই আসনে জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে কি আবার নির্বাচন হবে নাকি দ্বিতীয় হওয়া প্রার্থী জয়ী হবেন- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর কনসিকোয়েন্স কী হবে বলা উচিত হবে না।
তিনি বলেন, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটি আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের ফলে আসলাম চৌধুরী যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেটি আর আপাত দৃষ্টিতে আর থাকলো না। আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার থাকতে পারে।
আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায়ে বাকি বিষয়গুলো আসবে। অপেক্ষা করতে করা ছাড়া উপায় নেই। আসলাম চৌধুরীর আইনজীবীরা হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এর আগে, ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।
জেপি/এনডি/এএস



