বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
পাঁচ দশক আগে জিয়াউর রহমানের যেখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ঠিক সেখানেই খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন ছেলে তারেক রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল।
দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন।
এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যশোর-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তিসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এবিসি/এনডি/এএস



