ঢাকা: রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

এর আগে গত ১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়।
প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ায় এখন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হবে। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
জেপি/এএস



