বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাখাইনে থেমে থেমে বিমান হামলা, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

রাখাইনে থেমে থেমে বিমান হামলা, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে নতুন করে বিমান হামলা শুরু করেছে দেশটির জান্তা বাহিনী। আরাকান আর্মিও পাল্টা জবাব দিচ্ছে। এতে বোমা বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত।

বুধবার (১ জুলাই) দিন ও রাতে থেমে থেমে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে রাখাইনের মংডু শহরসহ আশপাশের এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বাড়িঘর ভূমিকম্পের মতো কাঁপছিল। এত বিকট শব্দে ঘরের ভেতরে থাকতেও ভয় লাগছিল।  মংডু থেকে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের ঝলকানি নিয়ে বস্তু নাফ নদীর দিকে এসে পড়ছে।

তারা বলেন, বুধবার রাত ৯টার পর মংডু শহরে যে বিস্ফোরণগুলো হয়েছে, তার বিকট শব্দে তাদের বাড়িঘর কেঁপে উঠেছে। বিশেষ করে ঘরের শিশুরা আতঙ্কে ছিল। বিকট শব্দে তাঁর সন্তানের ঘুম ভেঙে যায় এবং কান্নাকাটি শুরু করে।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, মংডু শহরে বিস্ফোরণের বিকট শব্দে গতকাল থেমে থেমে দিন-রাতে টেকনাফ সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন,  মিয়ানমারের অভ্যন্তরে বিমানযোগে হামলা চালানোর তথ্য বিজিবির কাছে রয়েছে। সীমান্ত ও নাফ নদীতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী প্রস্তুত।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন,বুধবার রাতে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্ত ও নাফ নদীতে কোস্টগার্ড এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এসসিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন