সাতক্ষীরা : সাতক্ষীরার শশুরবাড়িতে বেড়াতে গিয়ে আবু সাইদ নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে। আবু সাঈদ জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামের হাফিজুল ইসলাম হাফির জামাই।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন আবু সাইদ। পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের বেড়িতে গিয়ে তিনি বমি করতে থাকেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরঘাটা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য রফিকুল গাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



