বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

ঢাকা: ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ৫ আগস্ট বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই অভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি। তাঁর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নানা হত্যা ও দুর্নীতির মামলায় বিচার চলছে। অত্যন্ত উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে তাঁকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে ভারত সরকার।

তিনি বলেন,দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। বরং তাঁকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল।

রিজভী আরও বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাঁধা তৈরি করে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন