বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার: জয়সওয়াল

সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার: জয়সওয়াল

ঢাকা : মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি

তবে দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে কিনা, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল।

যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল বাংলাদেশে কোনো কোনো মহলে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে প্রকাশিত খবরের বিষয়ে জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত ইতিবাচক করে তুলতে চায়। ইতিবাচক দৃষ্টিতে দেখতে চায়। সেই মনোভাবের বদল হয়নি।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১৬.৭ কিলোমিটার। এটি ভারতের যেকোনো রাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। এই সুদীর্ঘ সীমান্তের প্রায় ১ হাজার ৬৪৭.৬৯৬ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া রয়েছে এবং বাকি ৫৬৯.০০৪ কিলোমিটার অংশে বেড়া দেয়ার কাজ বাকি রয়েছে। যার জন্য প্রায় ৬০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন।

ভারতীয় আইন অনুযায়ী জমি অধিগ্রহণ পুরোটাই রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিষয়। বিগত মমতা ব্যানার্জির সরকার জমি অধিগ্রহণ শুরু করলেও সীমান্ত এলাকার চাষীদের থেকে জমি অধিগ্রহণে স্থানীয় সমস্যা ও কেন্দ্রের সঙ্গে ক্ষতিপূরণের অঙ্ক সমস্যার জেরে অধিগ্রহণ বেশি দূর এগোতে পারেনি।

পরে রাজ্যের উপর চাপ বাড়িয়ে কলকাতা হাইকোর্টে যায় বিএসএফ। কলকাতা হাইকোর্ট রাজ্যকে দ্রুততম সময়ে জমি অধিগ্রহণ করে বিএসএফকে হস্তান্তরের নির্দেশ জারি করে। এর মধ্যেই বিধানসভা নির্বাচনে মমতা সরকারের পতন হয়। একই সঙ্গে বিপুল জনসমর্থনে জয়লাভ করে বিজেপি।

সরকার গঠন করেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে শেষ করার জন্য নির্দেশ জারি করে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এমতাবস্থায় দুই দেশের সম্পর্কে আবারও টানাপোড়েন শুরু হলে এদিন সংবাদ সম্মেলনে অনুপ্রবেশ ইস্যু সামনে আসে।

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে যে যে বিষয় নিয়ে আলোচনা হয় এটি (অনুপ্রবেশ) তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২ হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে, তারা সবাই বাংলাদেশী। কিন্তু বাংলাদেশ এখনও ওই বিষয়ে কিছু জানায়নি।

রাশেদ প্লাবন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন