ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রায় তারেক রহমানকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এবং মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ১০৩ সদস্য ও তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন।
আনুষ্ঠানিক অভ্যর্থনার পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি এবং শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করবেন।
সফরের অংশ হিসেবে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদবিষয়ক গবেষণা ও বিনিয়োগ উন্নয়ন-সহায়তা সংক্রান্ত দুটি এক্সচেঞ্জ অব নোটস (ইওএন) বিনিময় হওয়ার কথা রয়েছে।
এর আগে, রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। দেয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেয়া গার্ড অব অনারের সময়ে দু-দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।
জেপি/এনডি/এএস



