ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আশা করছি।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট ও আশিয়ানে যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া।

তথ্য উপদেষ্টা বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, আগামী এক বছরের মধ্যে সব নির্বাচন পর্যায়ক্রম সম্পন্ন হবে।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে।
তিনি বলেন, আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই।
জেপি/এনডি/এএস



