বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৩ জন গুরুতর অসুস্থ হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।

জানা গেছে, সকালে শিপইয়ার্ডের ভেতর কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই) নুরুল আলম আশেক বলেন, প্রথমে অসুস্থ ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

চৌধুরী রেদোয়ান/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন