বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা : অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বুধবার (২০ মে) রাজধানীতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।

মব কালচারের বিরুদ্ধে ডিএমপির কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ।

তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

থানায় দালালের অস্তিত্ব নিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। সেবা প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ওসিদের কঠোর বার্তা দেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলমান আছে জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদের তালিকা রয়েছে। যারা এসব গ্যাং লিড করে তাদের তথ্য সংগ্রহ চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।

গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা, অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার হচ্ছে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত আমাদের পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ আমাদের এই দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

রাশেদ প্লাবন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন