ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ সবার সমান অধিকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এদেশে কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই বাংলাদেশি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব। অপশক্তি যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
তারেক রহমান বলেন, সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। সকল নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন।
জেপি/এএস



