সাতক্ষীরা : গেল ২২ এপ্রিল ‘সাতক্ষীরায় ১৫ বছর ধরে শিকলবন্দি মিতু’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ওয়ান নিউজ বাংলা’য় একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসলে মিতুর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিস আফরুজা আখতার এর নির্দেশে গতকাল সোমবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়নকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান সরেজমিন পরিদর্শনে যান।
এ সময় তারা দীর্ঘ সময় ধরে মিতুর শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কথা বলেন পরিবারের মানুষদের সঙ্গে। জানতে চান বর্তমান চিকিৎসা পরিস্থিতি নিয়ে।

পরিদর্শন শেষে চিকিৎসক . খালিদ হাসান নয়ন জানান, যথাযথ চিকিৎসা পেলে মিতুর সুস্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ আশ্বাসে পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতুর মায়ের হাতে কিছু শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি তিনি মিতুর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর কথা জানান।
স্থানীয়রা জানান, মানসিক অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে এভাবে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে তার অবস্থার আরও অবনতি ঘটে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর প্রশাসনের এমন মানবিক উদ্যোগ মিতুর জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। এখন সবার প্রত্যাশা—সময়ের যথাযথ চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে মিতু।
আব্দুল মোমিন/এনডি/এএস



