চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২জুন) সকাল ১০টায় উপজেলার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ”।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুদক, ঝিনাইদহের সহযোগিতায় এতে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করে।

প্রতিযোগিতায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পক্ষে দল) প্রথম স্থান এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়(বিপক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে।
এছাড়া অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবু।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন।
বিচারকের দায়িত্ব পালন করেন- জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মঈন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
বক্তারা আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা সম্ভব।পরে দুর্নীতির কুফল, নৈতিক মূল্যবোধ এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআরডি/এনডি/এএস



