ঢাকা : বিশ্বকাপে মেসির আরেকটি বড় মাইলফলকের সম্ভাবনা। বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের তালিকায় পেলের রেকর্ড ছোঁয়া থেকে মাত্র দুই ধাপ দূরে আছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে অ্যাসিস্ট ১০টি। মেসির অ্যাসিস্ট ৮টি।
মেসির বিশ্বকাপ অ্যাসিস্ট এসেছে পাঁচ আসরজুড়ে। ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে অ্যাসিস্ট করেছিলেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তাঁর অ্যাসিস্ট ছিল দুটি। আর ২০২২ কাতার বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রাখেন মেসি।
পেলের রেকর্ড অবশ্য শুধু সংখ্যার কারণে বড় নয়। ১৯৫৮ থেকে ১৯৭০, চার বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সিতে তিনি গোলের পাশাপাশি গোল করিয়েও ইতিহাস গড়েছিলেন। ১৯৭০ বিশ্বকাপেই পেলের অ্যাসিস্ট ছিল ছয়টি, যা এখনো এক আসরের অন্যতম আলোচিত প্লেমেকিং কীর্তি।

মেসি এরই মধ্যে বিশ্বকাপে গোলের হিসাবে পেলেকে ছাড়িয়ে গেছেন। আর্জেন্টাইন তারকার গোল ১৩টি, পেলের ১২। এবার সামনে অ্যাসিস্টের রেকর্ড। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে। দল যত দূর যাবে, মেসির সামনে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ তত বাড়বে।
জেএন



