ঢাকা: হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরুর খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬.৮০ ডলারে নেমেছে।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে নেমেছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজের ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে ইরানের আলোচনা পুনরায় শুরু করার ঘোষণার পর নতুন আশার মধ্যে এই দরপতন ঘটে। মঙ্গলবার উভয় বেঞ্চমার্কেরই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনাই বাজারে আশাবাদ তৈরি করেছে। ইরান ও ওমান গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নেভিগেশন করিডোর চালুর বিষয়ে আলোচনা করছে।
তবে বাজারে এখনো অনিশ্চয়তা রয়েছে। আলোচনায় অগ্রগতি হলেও হরমুজ প্রণালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
জেএফজে



