বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রেমিট্যান্সে রেকর্ড

রেমিট্যান্সে রেকর্ড

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে যখন অশনিসংকেত, তখনও নতুন করে আশার আলো হয়ে উঠছে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রবাসী আয়।

এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নতুন মাইলফলক স্পর্শ এবং টানা কয়েক মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাহ বজায় থাকা প্রমাণ করে—প্রবাসীরা আগের যে কোনো সময়ের চেয়ে বৈধপথে অর্থ পাঠাচ্ছেন দেশে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগে যেখানে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, সেখানে চলতি বছরের মার্চ মাসে সেই রেকর্ড ভেঙে ৩৭৫ কোটি ডলারের নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশের ইতিহাসে এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

এছাড়া, গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা চার মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক কর্মী বিদেশে যাচ্ছেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে দেশের বাইরে গেছেন ১০ লাখ ৭৪ হাজার ১৫৯ জন প্রবাসী। এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০ লাখ ৯ হাজার ১৪৬ জন।

তবে প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা যায় ২০২৩ সালে। ওই বছর বাংলাদেশ থেকে মোট ১৩ লাখ ৯ হাজার ৮১১ জন শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান।

এই বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই দেশে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এই বৈদেশিক আয় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, হুন্ডি কার্যক্রম কমে যাওয়া এবং খোলাবাজারের সঙ্গে ব্যাংকগুলোর ডলারের দামের ব্যবধান কমে আসায় বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অর্থনীতিবিদরাও এই মতের সঙ্গে একমত, তবে তারা এই প্রবণতা ধরে রাখতে প্রবাসীদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন

আশার কথা, আগে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন নতুন নতুন জেলা রেমিট্যান্স প্রবাহে যুক্ত হচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে। বিভিন্ন জেলায় রেমিট্যান্স বৃদ্ধির বিস্তার একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিকস বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের জেলাভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, রেমিট্যান্স আহরণে নতুন নতুন জেলা এগিয়ে আসছে। যেসব জেলায় আগে রেমিট্যান্স ওঠানামা করতো, সেসব জেলায় সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। খাত সংশ্লিষ্টরা একে ইতিবাচক হিসেবে দেখছেন।

এসএস/এনডি/জেএন

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন