বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ, ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ, ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে সর্বমোট ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে আনুমানিক ২ কোটি ৯৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, একই দিনে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন( ৩৩বিজিবি) উপ অধিনায়ক মেজর সাদমান সাকিব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান জব্দকৃত মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করছিল এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন