বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেনজীরকে ৩০ দিনের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ৩০ দিনের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে।

এর আগে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা জানান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন